নেত্রকোনার পূর্বধলা থানাধীন আঞ্চলিক মহাসড়কে দ্রুত ও বেপরোয়া গতির এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক পঞ্চান্ন বছর বয়সী এক অজ্ঞাতনামা পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী আঞ্চলিক মহাসড়কের বেলাম বাজার জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে ওই পথচারীকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তদন্তের সূত্র ও লাশের আইনি প্রক্রিয়া:
ঘটনার খবর পাওয়ার পরপরই শ্যামগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সূর্য ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আলামত সংগ্রহের পাশাপাশি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে হাইওয়ে থানা পুলিশ নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি নিয়ম অনুযায়ী মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নিহতের স্বজনদের কোনো সন্ধান না পাওয়ায় নেত্রকোনা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ধর্মীয় রীতি মেনে লাশ দাফন সম্পন্ন করা হয়।
পরিচয় শনাক্তে পিবিআই ও জাতীয় পরিচয়পত্র সার্ভার
নিহত পথচারীর প্রকৃত পরিচয় উদঘাটনের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই নেত্রকোনা শাখার বিশেষ কারিগরি সহায়তায় লাশের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়। তবে পিবিআইয়ের সংগৃহীত ফিঙ্গারপ্রিন্ট জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সার্ভারের ডাটাবেজের সাথে ম্যাচ না করায় নিহতের নাম-ঠিকানা শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। পুলিশ ধারণা করছে, জাতীয় পরিচয়পত্র হালনাগাদ না থাকা অথবা আঙুলের ছাপের স্পষ্টতার অভাবে এই জটিলতা তৈরি হতে পারে।
আরও পড়ুন: খালিয়াজুরীতে বজ্রপাতে হাঁসের খামারি নিহত
আইনি পদক্ষেপ ও সড়ক পরিবহন আইনের মামলা
এই সড়ক হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে শ্যামগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সূজা ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সড়ক পরিবহন আইন ২০১৮ এর নির্দিষ্ট ধারা অনুযায়ী অজ্ঞাতনামা গাড়ি ও তার চালকের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়েছে। পূর্বধলা থানা ও হাইওয়ে পুলিশ যৌথভাবে সড়কের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘাতক গাড়িটি সনাক্ত করার পাশাপাশি চালককে আটকের চেষ্টা চালাচ্ছে। পুলিশ নিহতের কোনো আত্মীয়-স্বজন বা পরিচয় সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে।








