নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা সুসং দুর্গাপুরের বাজারগুলোতে সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। উকিলপাড়াসহ বিভিন্ন বাজারের বিসিআইসি অনুমোদিত সার ডিলার ও খুচরা দোকানগুলোর সামনে সরকারি ভর্তুকি ও নির্ধারিত মূল্যতালিকার সাইনবোর্ড ঝোলানো থাকলেও বাস্তবে সেই দামে সার মিলছে না। এর চেয়েও গুরুতর অভিযোগ হলো, প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার সার ও বীজ খোলা বাজারের দোকানগুলোতে এনে বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে দুর্গাপুরের উকিলপাড়াসহ বিভিন্ন সার ও বীজের দোকানে টাঙানো সরকারি সাইনবোর্ডে দেখা যায়, সরকার কৃষকদের সুবিধার্থে প্রতি কেজি ইউরিয়ায় ৭০-৭৫ টাকা, ডিএপিতে ১০০-১০৫ টাকা, পটাশে ৪০-৪৫ টাকা এবং টিএসপিতে ৮০-৮৫ টাকা পর্যন্ত বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে। ভর্তুকি পরবর্তী কৃষক পর্যায়ে নির্ধারিত বাজার মূল্য অনুযায়ী প্রতি কেজি ইউরিয়া ২৭ টাকা, ডিএপি ২১ টাকা, পটাশ ২০ টাকা এবং টিএসপি ২৭ টাকা দরে বিক্রি হওয়ার কথা। কিন্তু ডিলার ও খুচরা বিক্রেতারা সংকটের অজুহাত দেখিয়ে এই নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে প্রতি বস্তায় কয়েকশ টাকা পর্যন্ত বাড়তি দাম হাতিয়ে নিচ্ছেন। ফলে ভরা মৌসুমে ফসল উৎপাদন নিয়ে চরম বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি প্রণোদনার আওতায় যেসব উন্নত জাতের বীজ ও সার প্রকৃত কৃষকদের পাওয়ার কথা, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে তা প্রকৃত চাষিরা পাচ্ছেন না। উল্টো সরকারি সেই সার ও বীজ বাজারে অসাধু ব্যবসায়ীদের দোকানে বিক্রি হতে দেখা যাচ্ছে। তদারকির দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তাদের নিয়মিত বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন বলে মনে করছেন ভুক্তভোগীরা।
আইন বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ‘সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬’ এবং ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ অনুযায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং সরকারি প্রণোদনার পণ্য অবৈধভাবে মজুত বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধে অভিযুক্ত ব্যবসায়ীর লাইসেন্স বাতিলসহ কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি। প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে সুসং দুর্গাপুরের বাজারগুলোতে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি মূল্যতালিকা কার্যকর করা এবং প্রণোদনার সার-বীজ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।








