নেত্রকোনার দুর্গাপুর উপজেলা জুড়ে সরকারি জনকল্যাণমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়ে গোপনে সক্রিয় রাখার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু প্রভাবশালী নেতার এমন কর্মকাণ্ডের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সরেজমিনে উপজেলার চন্ডিগড় ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রশাসনিকভাবে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রকৃত দুস্থদের তালিকা প্রণয়নের নির্দেশনা থাকলেও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়ভাবে সাদী নামের এক যুবককে এই কর্মসূচির তথ্য সংগ্রহকারী হিসেবে যুক্ত করা হয়েছে, যার কর্মকাণ্ড কেবল চন্ডিগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডেই সীমাবদ্ধ নয়, বরং আশপাশের আরও বিভিন্ন স্থানে বিস্তৃত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র ও ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ার নেপথ্যে রয়েছেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। স্থানীয়দের দাবি, জামাল উদ্দিন মাস্টারের সরাসরি সুপারিশেই সাদী এই দায়িত্ব পেয়েছেন। সরেজমিন তথ্যে দেখা যায়, সাদীর আপন চাচা এ কে এম এনামুল হক বিএনপি নেতা জামাল উদ্দিন মাস্টারের ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনৈতিক সহযোগী। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও শোডাউনে জামাল উদ্দিন মাস্টারের পক্ষে সক্রিয় থাকা এনামুল হকের পারিবারিক সূত্রেই তার ভাতিজা সাদীকে এই সরকারি কর্মসূচিতে যুক্ত করা হয়েছে বলে ভুক্তভোগীরা একাধিক সূত্রে অভিযোগ করেছেন।

নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতাকে আশ্রয় ও বিভিন্ন স্থানে গোপন তৎপরতা:

মাঠপর্যায়ের অনুসন্ধানে এই নিয়োগকে ঘিরে আরও স্পর্শকাতর অভিযোগ সামনে এসেছে। প্রতিশোধমূলক আচরণের ভয়ে পরিচয় গোপন রাখা স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীদের নিজস্ব বলয়ের ভেতরে আশ্রয় দিয়ে গোপনে সাংগঠনিক তৎপরতা চালানোর সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ এর সরাসরি আঙ্গুল তুলছেন আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার এর দিকে।

অভিযোগের সূত্র ধরে জানা যায়, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুশফিক আহমেদ প্রকাশ (রয়েল মিডিয়া কলেজের ২০১৬ ব্যাচের শিক্ষার্থী)—বর্তমান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর রাজনৈতিক বলয়ের অনুসারী হিসেবে পরিচিত—ময়মনসিংহ থেকে পলাতক হয়ে বর্তমানে দুর্গাপুরে অবস্থান করছেন।

সরেজমিন অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে অভিযোগ , সাদীর প্রত্যক্ষ সহযোগিতায় পলাতক এই ছাত্রলীগ নেতা দুর্গাপুরে নিরাপদ আশ্রয় পেয়েছেন। ভুক্তভোগীদের দাবি, তাদের এই অবস্থান ও তৎপরতা কেবল চন্ডিগড়ের ৪ নম্বর ওয়ার্ডের মতো কোনো একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নেই; বরং জামাল উদ্দিন মাস্টারের রাজনৈতিক ছত্রছায়া ও আশ্রয়-প্রশ্রয়ে থাকার কারণে মুশফিক আহমেদ প্রকাশ আড়ালে থেকে কার্যক্রম চালানোর পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন এলাকায় সাদী ও তার বন্ধুদের সাথে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং ছবি তুলছেন—যা আমাদের প্রতিবেদকদের সংগৃহীত তথ্যেও উঠে এসেছে।

আরও পড়ুন: নেত্রকোনায় দুর্গাপুরে ৮৭৭ কৃষকের ভর্তুকির ৫৮ লাখ টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ২, ইউপি প্রশাসনিক কর্মকর্তা পলাতক

পুরো দুর্গাপুর জুড়ে একই চিত্র ও প্রবীণ এলাকাবাসীর আক্ষেপ:

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের অভিযোগ, চন্ডিগড় ইউনিয়নের এই ঘটনা কেবল কোনো একটি নির্দিষ্ট স্থানের বিচ্ছিন্ন চিত্র নয়; বরং স্থানীয় কিছু নেতার ব্যক্তিগত স্বার্থ ও রাজনৈতিক আঁতাতের কারণে পুরো দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানেই ফ্যামিলি কার্ডসহ নানা সরকারি কার্যক্রমে এমন অনিয়মের ঘটনা ঘটছে।

ভুক্তভোগী সাধারণ মানুষের ভাষ্যমতে, দেশের বর্তমান প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্নভাবে জনমনে উদ্বেগ ও অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় এবং এ বিষয়ে মুখ খুললে নানা ধরনের হুমকি আসায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তৃণমূল পর্যায়ের এই পরিস্থিতিতে চরম হতাশা প্রকাশ করে এলাকার এক অসহায় প্রবীণ বাসিন্দা আক্ষেপের সুরে বলেন, "দলের ভেতরে যদি এই ধরনের নেতা থাকেন, তবে তাদের একজনই দলের সমস্ত অর্জন ও সবকিছু শেষ করে দিতে পারেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ দেশের ভেতরে এত অস্থিরতা সৃষ্টি করছে; কিন্তু মাঠপর্যায়ে বিএনপির নেতারাই যদি তাদের আশ্রয় দেন এবং তলে তলে সব ঠিক রাখেন, তবে দলের শীর্ষ নেতৃত্ব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আমরা সাধারণ মানুষ কী আশা করব?"

ভুক্তভোগী এলাকাবাসীর প্রশ্ন—দলীয় প্রভাব ও অভিযুক্ত ব্যক্তিদের মাধ্যমে তালিকা তৈরি হলে দুর্গাপুর উপজেলার প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারগুলো কীভাবে ন্যায্যভাবে ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে?

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক নেতাকর্মীদের আশ্রয় দেওয়া এবং গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত। এমতাবস্থায়, উত্থাপিত অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে পুরো দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালনা করা, বিতর্কিত ব্যক্তিদের তালিকা থেকে অব্যাহতি দেওয়া, তথ্যদাতা ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন, দলীয় হাইকমান্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন দুর্গাপুরের ভুক্তভোগী এলাকাবাসী।

(বিশেষ দ্রষ্টব্য: আন্তর্জাতিক ও দেশীয় সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী, উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। আত্মপক্ষ সমর্থনে তাদের কোনো বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।)