নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) সংসদীয় আসনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কঠোর রাজনৈতিক অবস্থান ও প্রশাসনিক তৎপরতার কারণে পুরো অঞ্চলে দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা বিরাজ করছে। তবে সেই শান্ত পরিবেশের আড়ালেও স্থানীয় রাজনীতিতে একটি নাম ঘিরে গভীর রহস্য ও চাপা আতঙ্ক কাজ করছে—অভিযুক্ত এই ব্যক্তি হলেন দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকুঞ্জি।

সাম্প্রতিক সময়ে বিরিশিরি এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের পর স্থানীয়দের মাঝে নতুন করে প্রশ্ন উঠেছে—আত্মগোপনে থেকেও সাদ্দাম আকুঞ্জি ও তার অনুসারীরা কীভাবে সীমান্তবর্তী এই জনপদকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং কেন এই সাবেক নেতাকে নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ কিংবা সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি: জামাল উদ্দিন মাস্টারের আশ্রয়ে নিষিদ্ধ সংগঠনের নেতার গোপন তৎপরতার অভিযোগ

অনুসন্ধানে দেখা গেছে, সাদ্দাম আকুঞ্জির রাজনৈতিক উত্থান ও এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তারের নেপথ্যে রয়েছে শক্তিশালী পারিবারিক বলয়। নেত্রকোনা-১ আসনের সাবেক তিনবারের আওয়ামী লীগ সংসদ সদস্য প্রয়াত জালাল উদ্দিন তালুকদারের ভাগনে হিসেবে পরিচিত সাদ্দাম আকুঞ্জি। তার মামাতো বোন জান্নাতুল ফেরদৌস আরা তালুকদারও পূর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে এই পরিবারের রাজনৈতিক আধিপত্য থাকায় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এবং স্থানীয় সমাজব্যবস্থায় তাদের গভীর প্রভাব তৈরি হয়েছিল।

ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এই নেতার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধ ও মামলার তথ্য পাওয়া যায়। ২০১৯ সালের অক্টোবরে পূর্ববিরোধের জেরে দুর্গাপুর উপজেলার নবীন লীগের সভাপতি ও ছাত্রলীগ কর্মী কাউসার হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় সাদ্দাম আকুঞ্জিকে আসামি করা হয়েছিল। এছাড়াও নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার, বালুমহাল দখল, চাঁদাবাজি এবং নির্বাচনী সহিংসতা ঘিরে এই সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক সংঘর্ষ ও মামলার নজির রয়েছে। ২০২৩ সালে দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে নৌকা প্রতীক পেলেও পরাজিত হন সাদ্দাম আকুঞ্জি, তবে ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব খাটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

আরও পড়ুন: নেত্রকোনায় দুর্গাপুরে ৮৭৭ কৃষকের ভর্তুকির ৫৮ লাখ টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ২, ইউপি প্রশাসনিক কর্মকর্তা পলাতক

রাজনৈতিক পটপরিবর্তন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকে সাদ্দাম আকুঞ্জি প্রকাশ্যে নেই। তবে স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, পলাতক এই নেতা দেশেই আত্মগোপনে রয়েছেন এবং ২০২৬ সালের আগস্টেও ঢাকার রাজপথে সাদ্দাম আকুঞ্জির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রকাশ্যে সাদ্দাম আকুঞ্জির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না মূলত দুটি কারণে—প্রথমত, দীর্ঘদিনের পেশিশক্তি, সহিংস কর্মকাণ্ড ও মামলা-হামলার পুরোনো ভীতি; দ্বিতীয়ত, বর্তমান ক্ষমতাসীন দলের (বিএনপি) স্থানীয় একটি সুবিধাবাদী অংশের সঙ্গে এই পলাতক নেতার গোপন সমঝোতা বা আঁতাতের গুঞ্জন।

তৃণমূল পর্যায়ের একাধিক সূত্রের ভাষ্যমতে, বিগত আমলে সাদ্দাম আকুঞ্জির ছত্রছায়ায় থেকে যারা সীমান্ত চোরাচালান, বালু ও পাথর মহাল নিয়ন্ত্রণ করতেন, তাদের একটি অংশ বর্তমানে ভোল পাল্টে স্থানীয় প্রভাবশালীদের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। ফলে পুরোনো ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অভিযুক্ত এই নেতাকে আড়াল করা হচ্ছে এবং স্থানীয় গণমাধ্যম বা প্রশাসনের অভিযানেও সাদ্দাম আকুঞ্জির নাম সেভাবে সামনে আসছে না বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা: পলাতক সাবেক চেয়ারম্যান ও স্থানীয়দের গোপন আঁতাতের অভিযোগ

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, এলাকায় যেকোনো ধরনের নাশকতা বা সহিংস কর্মকাণ্ডের চেষ্টাকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে, স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতারা গোপন আঁতাতের অভিযোগ নাকচ করে জানিয়েছেন, ডেপুটি স্পিকারের নির্দেশনা অনুযায়ী এলাকায় কোনো চিহ্নিত নাশকতাকারী বা অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।

(বিশেষ দ্রষ্টব্য: উত্থাপিত অভিযোগ ও বর্তমান অবস্থানের বিষয়ে বক্তব্য জানতে নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকুঞ্জির ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।)