দীর্ঘ আত্মগোপনের অবসান ঘটিয়ে অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসার অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাকে থানায় নিয়ে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নুরুল ইসলাম নাহিদ জনসম্মুখের আড়ালে চলে যান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে তিনি লোকচক্ষুর অন্তরালে থেকে নিরাপদ আশ্রয়ে দিন কাটাচ্ছিলেন। বুধবার গভীর রাতে উত্তরার ওই আবাসিক ভবনে তার অবস্থানের বিষয়টি স্থানীয় রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকদের নজরে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, ভবনটির সামনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়রাই উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের কাছে সাবেক এই মন্ত্রীর সুনির্দিষ্ট অবস্থানের তথ্য পৌঁছে দেন। খবর পেয়ে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল দ্রুত ওই ভবনটি ঘিরে ফেলে এবং অষ্টম তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নুরুল ইসলাম নাহিদ তার স্ত্রী ও মেয়ের সঙ্গে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

পুলিশের ভাষ্য ও থানার বর্তমান পরিস্থিতি

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়।

থানার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওসি জানান, আটকের পরপরই তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়েছে এবং থানা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে হঠাৎ শীর্ষ তিন বাহিনীর প্রধানদের সরেজমিন পরিদর্শনে অনুসন্ধান কী বলছে?

অনুসন্ধানে উঠে আসা মামলার বিবরণ ও শেল্টার প্রসঙ্গ

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিগত সরকারের পতনের পর সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অন্তত পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সিলেটের বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা নথিভুক্ত রয়েছে।

দীর্ঘ এই সময়ে তিনি কীভাবে এবং কাদের সহায়তায় রাজধানীর অভিজাত আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন, তা নিয়ে জনমনে নানা কৌতূহল তৈরি হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উত্তরা ৩ নম্বর সেক্টরের যে ফ্ল্যাটটিতে তিনি পরিবারসহ বসবাস করছিলেন, সেই ফ্ল্যাটের মালিকানা এবং দীর্ঘদিন তাকে আড়াল করে রাখার পেছনে কারা আর্থিক বা লজিস্টিক সহায়তা (শেল্টার) দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার আত্মগোপনের নেটওয়ার্ক এবং সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির কোনো পরিকল্পনায় তার সম্পৃক্ততা ছিল কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার এই দীর্ঘ মেয়াদে দেশের শিক্ষা খাতে অবকাঠামোগত কিছু পরিবর্তন এলেও, পাবলিক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, সৃজনশীল পদ্ধতির ত্রুটিপূর্ণ বাস্তবায়ন এবং জিপিএ-৫ কেন্দ্রিক অসুস্থ প্রতিযোগিতার কারণে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মান তলানিতে ঠেকে বলে শিক্ষাবিদরা মনে করেন।

বিশেষ করে পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়া এবং শিক্ষা প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তার সময়কালে চরম আকার ধারণ করে। সে সময় শিক্ষা অধিদপ্তরের এক অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে সহনীয় মাত্রায় ঘুষ গ্রহণের পরামর্শ দিয়ে তিনি দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। বিশ্লেষকদের মতে, এক দশক ধরে চলা সেই নীতিগত দুর্বলতা ও দুর্নীতির সংস্কৃতি দেশের শিক্ষার মেরুদণ্ডকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, যার দায় সাবেক এই মন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হতে পারে।