নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন চরম অব্যবস্থাপনা ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। সরকারি নথিপত্রে হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও কর্মচারী মিলিয়ে অর্ধশতাধিক জনবল নিবন্ধিত থাকলেও সরেজমিনে মিলেছে ভয়াবহ শূন্যতার চিত্র। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এলেও নির্ধারিত সময়ে চিকিৎসকের দেখা মিলছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিচ্ছন্নতাকর্মী সংকটের অজুহাতে দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশ, ওষুধ না পাওয়া, কতিপয় নার্সের দুর্ব্যবহার এবং বাইরের ক্লিনিক ও নারী দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি পোর্টালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, হাসপাতালটির কর্মকর্তা ও কর্মচারী তালিকায় বর্তমানে মোট ১২ জন চিকিৎসক (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, কনসালটেন্ট ও মেডিকেল অফিসারসহ) এবং ৩৫ জন নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফ (নার্সিং সুপারভাইজার ১ জন, সিনিয়র স্টাফ নার্স ৩০ জন এবং মিডওয়াইফ ৪ জন) নিবন্ধিত রয়েছেন। এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট, পরিসংখ্যানবিদ, স্যানিটারি ইন্সপেক্টর, অফিস সহকারী ও স্বাস্থ্য সহকারীসহ অন্যান্য স্টাফ রয়েছেন আরও অন্তত ৮ থেকে ১০ জন। তবে সরকারি ওয়েবসাইটের কর্মচারী তালিকায় নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী বা ক্লিনারের সুনির্দিষ্ট ও হালনাগাদ তথ্য পর্যন্ত অনুপস্থিত রয়েছে, যা হাসপাতালটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতাকে স্পষ্ট করে।

আরও পড়ুন: নেত্রকোনায় দুর্গাপুরে ৮৭৭ কৃষকের ভর্তুকির ৫৮ লাখ টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ২, ইউপি প্রশাসনিক কর্মকর্তা পলাতক

স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি বিধিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ের হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থেকে রোগী দেখার কথা। এছাড়া জরুরি বিভাগ ও অন্তঃবিভাগে (ইনডোর) রোস্টার অনুযায়ী ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা চালু থাকার নির্দেশ রয়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, কাগজে-কলমে ১২ জন চিকিৎসক থাকলেও বাস্তবে ১ বা ২ জনের বেশি চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায় না; অনেক সময় তাও থাকে না। কোনো দিন সকালে অল্প সময়ের জন্য দেখা মিললেও রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়; আবার কখনো রাত ১০টার দিকে চিকিৎসকদের দেখা মেলে। দুর্গম পাহাড়ি এলাকা থেকে বোনকে নিয়ে চিকিৎসা করাতে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠী (হাজং সম্প্রদায়)-এর এক ব্যক্তি টানা তিন দিন হাসপাতালে অবস্থান করেও সময়মতো ডাক্তার না পেয়ে নিজস্ব ভাষায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

একই চিত্র দেখা গেছে নার্সিং সেবার ক্ষেত্রেও। সরকারি তালিকায় ৩৫ জন নার্স ও মিডওয়াইফের নাম থাকলেও বাস্তবে হাসপাতালের দোতলায় নার্স রুমে গিয়ে মাত্র ৪ থেকে ৫ জন নার্সকে দায়িত্ব পালন করতে দেখা যায়। বাকিদের বিষয়ে জানতে চাইলে দায়িত্বরতরা প্রশিক্ষণ (ট্রেনিং) ও নানা অজুহাত দেখান। এছাড়া দায়িত্বরত কতিপয় নার্সের দুর্ব্যবহারে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। চিকিৎসা নিতে আসা প্রবীণ নাগরিক মোহাম্মদ আলী এবং স্থানীয় এক সনাতন ধর্মাবলম্বী নারী অভিযোগ করেন, রোগীদের সাথে নার্সরা অত্যন্ত রূঢ় আচরণ করেন।

হাসপাতালের ভেতরের পরিবেশও চরম অস্বাস্থ্যকর। পরিচ্ছন্নতাকর্মীদের তদারকি না থাকায় শৌচাগারগুলোর তীব্র দুর্গন্ধে সুস্থ মানুষেরও অসুস্থ হওয়ার উপক্রম হয়। এর আগে রিভার্স নিউজে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর শৌচাগারগুলো আংশিক পরিষ্কার করা হলেও তদারকির অভাবে তা আবারও আগের অবস্থায় ফিরে গেছে। পাশাপাশি পুরো হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির কোনো সুব্যবস্থা নেই।

আরও পড়ুন: সুসং দুর্গাপুরে সারের কৃত্রিম সংকট: সাইনবোর্ডে সরকারি দাম, বাস্তবে গলাকাটা বাণিজ্য ও প্রণোদনার বীজ-সার উধাও

অনুসন্ধানে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়া এবং সময়মতো চিকিৎসক না পাওয়ার পেছনে রয়েছে প্রশাসনিক জবাবদিহিতার অভাব ও অলিখিত সিন্ডিকেট। মফস্বল এই হাসপাতালে কাগজে-কলমে চিকিৎসক ও নার্সদের পদায়ন দেখানো থাকলেও অনেকেই প্রভাব খাটিয়ে জেলা শহর বা অন্যত্র সংযুক্তিতে (ডেপুটেশন) থাকেন, আবার কেউ কেউ রোস্টার ডিউটির তোয়াক্কা না করেই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা যন্ত্রের কঠোর তদারকি না থাকায় এবং স্থানীয়ভাবে শক্তিশালী কোনো মনিটরিং ব্যবস্থা গড়ে না ওঠায় বছরের পর বছর ধরে এই অনিয়ম জিইয়ে রয়েছে।

অন্যদিকে, হাসপাতালটিতে সাধারণ রোগীদের কেবল প্যারাসিটামল ট্যাবলেট দিয়েই দায় সারা হচ্ছে। বাকি সব প্রয়োজনীয় ওষুধ বাইরের ফার্মেসি থেকে চড়া দামে কিনতে হয়। প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য রোগী বাইরে গেলেই ওত পেতে থাকে নারী দালাল চক্র। ভুক্তভোগীরা আঞ্চলিক ভাষায় জানান, ‘আমাগোরে প্রত্যেকদিন এভাবে জ্বালা-যন্ত্রণা করে এই মহিলাগুলো।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দার অভিযোগ, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব ও নেতাদের দাপট দেখিয়ে বেসরকারি ক্লিনিক মালিকরা রোগীদের নির্দিষ্ট ক্লিনিকে টেস্ট করাতে বাধ্য করছেন। এই প্রভাবশালী চক্রের দাপটের কারণেও হাসপাতালের ভেতরের সেবা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে দুর্বল করে রাখা হয়েছে বলে মনে করেন সচেতন মহল।

আরও পড়ুন: দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা: পলাতক সাবেক চেয়ারম্যান ও স্থানীয়দের গোপন আঁতাতের অভিযোগ

প্রচলিত ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘শৃঙ্খলা বিধিমালা, ২০১৮’ অনুযায়ী নির্ধারিত অফিস সময়ে (সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট) কর্মস্থলে অনুপস্থিত থাকা বা দায়িত্বে গাফিলতি আইনত শাস্তিযোগ্য অসদাচরণ। এছাড়া ‘বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দালাল চক্রের মাধ্যমে রোগী ভাগিয়ে নেওয়া ও চাপ প্রয়োগ করে পরীক্ষা করানো দণ্ডনীয় অপরাধ।

কাগজে-কলমে অর্ধশতাধিক জনবল থাকা সত্ত্বেও বাস্তবে সেবা না পাওয়া এবং সার্বিক অনিয়মের বিষয়ে বক্তব্য জানতে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি ওয়েবসাইটে প্রদত্ত দাপ্তরিক ও ব্যক্তিগত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দাপ্তরিক নম্বরে সংযোগ পাওয়া যায়নি এবং ব্যক্তিগত নম্বরটি ব্যস্ত পাওয়া যায়। অবিলম্বে হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা কঠোরভাবে নিশ্চিত করা, কাগজে থাকা চিকিৎসক-নার্স ও পরিচ্ছন্নতাকর্মীদের কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লিনিক ও দালাল সিন্ডিকেট উচ্ছেদে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং নেত্রকোণা জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।