নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৮৭৭ জন কৃষকের সরকারি ভর্তুকির প্রায় ৫৮ লাখ টাকা আত্মসাতের মামলায় মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে দুর্গাপুর থানা পুলিশ। তবে এই অর্থ আত্মসাৎ মামলার প্রধান অভিযুক্ত এবং গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মোহাম্মদ রুয়েলুজ্জামান এখনো পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাঁওকান্দিয়া ইউনিয়নের প্রান্তিক ৮৭৭ জন কৃষকের জন্য সরকার প্রদত্ত ভর্তুকির প্রায় ৫৮ লাখ টাকা প্রকৃত কৃষকদের হাতে না পৌঁছে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকদের অভিযোগ ও তদন্তের প্রেক্ষিতে দুর্গাপুর থানায় একটি অর্থ আত্মসাৎ মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: নেত্রকোনায় দুর্গাপুরে ১৯ মামলার আসামি বদি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে
মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. উসমান গনি ও রিপন কর্মকারকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রুয়েলুজ্জামান গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন। পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সরকারি বরাদ্দের অর্থ বা কৃষকের ভর্তুকির টাকা আত্মসাৎ প্রচলিত দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ‘দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭’ অনুযায়ী গুরুতর ও জামিন অযোগ্য শাস্তিযোগ্য অপরাধ। ভুক্তভোগী কৃষকরা দ্রুত পলাতক মূল হোতাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের আত্মসাৎকৃত ভর্তুকির টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।








