টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে চার সংবাদকর্মীর গ্রেপ্তার ও কারাগারে যাওয়ার ঘটনাটি এখন টক অব দ্য কান্ট্রি। প্রশ্ন উঠেছে—অপরাধের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা কি তবে শক্তিশালী মাদক সিন্ডিকেট ও প্রশাসনিক যোগসাজশের শিকার হলেন? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? সখীপুরের দেওবাড়ী বাজারের সাম্প্রতিক এই ঘটনাটি স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ ও রাষ্ট্রের সুশাসন নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এনটিভি ডিজিটালের সখীপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের মোর্শেদ খান, সাপ্তাহিক সখীপুর বার্তার শেখ মনির এবং সহকারী সানিম মিয়া দেওবাড়ী এলাকায় একটি ধর্ষণের অভিযোগ স্থানীয়ভাবে মীমাংসার তথ্য সংগ্রহের পাশাপাশি একটি বাড়িতে মাদক সেবনের দৃশ্য ভিডিও ধারণ করেন। কিন্তু পরদিন সকালেই পাশার দান উল্টে যায়। দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চাঁদাবাজির মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
আরও পড়ুন: থানায় ঢুকে পুলিশকেই পিটিয়ে রক্তাক্ত করল যুবক: কারণ জানলে চমকে উঠবেন!
আদালতে নেওয়ার পথে গ্রেপ্তারকৃত সাংবাদিক আব্দুর রাজ্জাক সুজন সরাসরি অভিযোগ করে বলেন, "মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। আমরা রাজি না হওয়ায় মব তৈরি করে আমাদের সহকারীর পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে ফাঁসানো হয়েছে, অথচ প্রকৃত মাদকসেবনকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন।" অন্যদিকে মামলার বাদী ফজলুর রহমান ফজলুর দাবি, "মাদকসেবীরা অপরাধী হলেও সাংবাদিকেরা তাদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং সেই আট হাজার টাকা উদ্ধারও হয়েছে।" তবে তিনি নিজে কোনো চাঁদা দেননি এবং মাদকসেবীদের বিরুদ্ধে কেন কোনো মামলা হলো না—এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি।
স্থানীয় বাসিন্দা ও একাধিক সূত্রে দীর্ঘদিনের অভিযোগ, মাদক এমন একটি শক্তিশালী সিন্ডিকেট যার শিকড় অনেক গভীরে। সাধারণ মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক শ্রেণির অসাধু সদস্য নিয়মিত মাসোহারার বিনিময়ে মাদক কারবারিদের রক্ষাকবচ হিসেবে কাজ করেন। ফলে সাংবাদিকরা যখন জীবনের ঝুঁকি নিয়ে এই সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করতে যান, তখন অপরাধী চক্রটি প্রশাসনের এই দুর্বলতার সুযোগ নিয়ে উল্টো তাদেরই মামলার জালে ফাঁসিয়ে দেয়। এ বিষয়ে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, "মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রতিবেদন দেওয়া হবে।"
গণমাধ্যম বিশ্লেষকদের মতে, দেশের অধিকাংশ সংবাদকর্মী ন্যূনতম বেতন-ভাতা ছাড়াই কেবল পেশার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। অথচ দুর্নীতিবাজরা কলমের এক খোঁচায় কোটি কোটি টাকা লোপাট করে পার পেয়ে যাচ্ছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে কিছু নিবন্ধিত ও যাচাইকৃত গণমাধ্যমও (প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিকতার নীতিমালা এবং প্রচলিত আইন সম্পর্কে ন্যূনতম ধারণা যাচাই না করেই) কেবল টাকার বিনিময়ে এক শ্রেণির অপেশাদার কর্মীকে নিয়োগ দিচ্ছে। এই মুষ্টিমেয় কর্মীদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে পুরো বাংলাদেশের মূলধারার সৎ সাংবাদিক সমাজ আজ হুমকির মুখে পড়েছে, যার সুযোগ নিচ্ছে প্রকৃত অপরাধীরা।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের মতে, পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেওয়ার আগে ডিজিটাল প্রমাণাদি, রাতের কললিস্ট এবং অর্থ লেনদেনের প্রকৃত উৎস যাচাই করা অপরিহার্য। কোনো যাচাই-বাছাই ছাড়া সংবাদকর্মীদের হাতকড়া পরানো ক্ষমতার অপব্যবহারের শামিল। বিশিষ্টজনরা সতর্ক করে বলেন, সাংবাদিকরা হলেন একটি রাষ্ট্রের ভবিষ্যৎ ও বিবেক। প্রশাসন ও মাদক সিন্ডিকেট মিলে যদি সত্য সন্ধানী সাংবাদিকদের কণ্ঠরোধ করতে থাকে, তবে সমাজে অপরাধের অভয়ারণ্য তৈরি হবে এবং রাষ্ট্র এক চরম অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে। তাই সখীপুরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং নির্দোষ সাংবাদিকদের মুক্তি দেওয়া এখন সময়ের দাবি।
নেপথ্যের ৩টি বড় প্রশ্ন:
১. মাদকসেবনকারীরা ধরাছোঁয়ার বাইরে কেন?
মামলার বাদী ও স্থানীয়দের বক্তব্যে মাদক সেবনের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে এবং এর ভিডিও ফুটেজও রয়েছে। তবুও মূল অপরাধী মাদকসেবনকারীদের বিরুদ্ধে পুলিশ কেন কোনো মামলা নিল না বা তাদের গ্রেপ্তার করল না?
২. ভুক্তভোগী না হয়েও বাদী হলেন কে?
চাঁদাবাজির মামলায় সাধারণত যিনি চাঁদা দিয়েছেন বা যার কাছে চাঁদা দাবি করা হয়েছে তিনিই বাদী হন। কিন্তু এই মামলায় যিনি বাদী হয়েছেন তিনি নিজে কোনো চাঁদা দেননি; তাহলে কাদের স্বার্থ রক্ষায় বা কোন অদৃশ্য শক্তির ইশারায় তিনি রাতারাতি মামলার বাদী হলেন?
৩. যাচাই ছাড়াই কেন রাতারাতি হাতকড়া?
ঘটনার রাতে পুলিশ সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে গেলেও, তাদের ক্যামেরায় থাকা ভিডিও ফুটেজ এবং মোবাইল কললিস্ট যাচাই না করেই সকালে একতরফা মামলা নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হলো কেন?








