ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গত ২৬ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নগরীর প্রবেশমুখ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিরা হলেন—নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেংগুরা গ্রামের মাজেদা বেগম এবং একই উপজেলার দুর্গাপুর সীমান্তবর্তী বড়ুয়াকোনা এলাকার বাসিন্দা সুমিতা হাজং। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে, এই গ্রেপ্তার কেবল বাহক আটকের ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে সীমান্তবর্তী উত্তরাঞ্চলের একটি সুসংগঠিত চোরাচালান নেটওয়ার্ক।

আমাদের বিশেষ অপরাধ পর্যবেক্ষণ ও স্থানীয় প্রতিনিধিদের অনুসন্ধানে জানা যায়, মাদক সিন্ডিকেটগুলো আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নারীদের বাহক বা ‘ক্যারিয়ার’ হিসেবে ব্যবহার করছে। চোরাকারবারিরা প্রধান রুট হিসেবে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত এলাকাকে ব্যবহার করছে। সমাজ গবেষকদের মতে, সীমান্ত অঞ্চলের চরম বেকারত্ব, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকট এবং পাহাড়ি এলাকার দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বিশেষ করে গারো ও হাজং সম্প্রদায়ের অসহায়ত্বকে পুঁজি করে সামান্য টাকার বিনিময়ে তাদের এই মরণঘাতী ব্যবসায় নামানো হচ্ছে। বিশেষজ্ঞদের স্পষ্ট অভিমত, কেবল বাহক ধরে মাদক নির্মূল সম্ভব নয়; সীমান্ত জনপদে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব সমস্যার অবসান না ঘটালে এই চোরাচালান বন্ধ করা যাবে না।

আরও পড়ুন: কলমাকান্দায় রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যে চুরি-ছিনতাইয়ের প্রতিবাদ: টেঁটাবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ভাষ্যমতে, আন্তর্জাতিক আইন ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে মূল সীমান্তের জিরো লাইনে স্থায়ী সামরিক ক্যাম্প বাড়ানোর সুযোগ সীমিত। তবে এই সীমাবদ্ধ এলাকা বাদ দিয়ে সংলগ্ন সংযোগ সড়কগুলোতে অস্থায়ী সেনা ক্যাম্প ও যৌথ তল্লাশি চৌকি স্থাপন করা এখন সময়ের দাবি। সচেতন মহলের মতে, পার্বত্য অঞ্চলের নিরাপত্তা মডেলের মতো দুর্গাপুর, কলমাকান্দা, হালুয়াঘাট ও ধোবাউড়া থেকে শহরে প্রবেশের প্রতিটি পয়েন্টে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাকে পুঙ্খানুপুঙ্খ স্ক্যানিং তল্লাশি নিশ্চিত করতে হবে। সাধারণ পুলিশ ফাঁড়ির গতানুগতিক টহলের বাইরে গিয়ে মাদকপ্রবণ রুটগুলোতে বিশেষায়িত ফাঁড়ি স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা জরুরি।

বিশিষ্টজন ও এলাকাবাসীর দাবি, মাদকের এই আগ্রাসন রুখতে শুধু প্রশাসনের ওপর দায় চাপালে চলবে না; স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের জবাবদিহিতা সবার আগে নিশ্চিত করতে হবে। তৃণমূল পর্যায়ের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয়-প্রশ্রয় ছাড়া মাদক শহরে প্রবেশ করা অসম্ভব। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ও স্বচ্ছতা নিশ্চিত করে রাজনৈতিক রাঘববোয়ালদের আইনের আওতায় আনা জনগণের মূল দাবি। যুবসমাজকে বাঁচাতে হলে বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা, সীমান্ত রুটগুলোতে পার্বত্য ধাঁচের কঠোর তল্লাশি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই এখন একমাত্র সমাধান।