পিরোজপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী মানিক পশারীর লাশ দাফন ও গার্ড অব অনার প্রদানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তিন নারী মিলে কবর খুঁড়ছেন—এমন একটি ছবিকে কেন্দ্র করে যখন দেশজুড়ে আলোচনা চলছে, তখন মাঠপর্যায়ের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য।

সামাজিক মাধ্যমে দাবি করা হয়, স্থানীয় রাজনৈতিক বাধার কারণে পুরুষরা এগিয়ে না আসায় মৃত ব্যক্তির নারী স্বজনেরা একা কবর খুঁড়েছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত শংকরপাশা ইউনিয়নের স্থানীয় গ্রাম পুলিশ মতিউর রহমান সংবাদমাধ্যমকে জানান, "ইউএনওর নির্দেশে রাত সাড়ে ১১টার দিকে আমরা কবর খোঁড়ার উদ্যোগ নিই। সরঞ্জাম আনতে তাঁর বোনের বাড়ি গেলে তিনিসহ তিন নারী সেখানে আসেন এবং মাটি সরাতে হাত দেন। মূলত আমি এবং স্থানীয় আরেকজন পুরুষ মিলেই কবরটি সম্পূর্ণ খুঁড়েছি, নারীরা সেখানে সহযোগিতা করেছেন মাত্র।"

মৃতের বোন হেনা পশারীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, প্রথম দফায় খোঁড়া কবরটি কে বা কারা ভরাট করে দেওয়ায় পরবর্তীতে প্রশাসনের সহায়তায় দ্বিতীয় দফায় কবর খোঁড়া হয় এবং সেখানে পুরুষ ও প্রশাসনের লোকজনের উপস্থিতি ছিল। ফলে "কেবল নারীরাই একা সম্পূর্ণ কবর খুঁড়েছেন"—এই ন্যারেটিভটি আংশিক ও বিভ্রান্তিকর বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় জামায়াত ও বিক্ষোভকারীদের বক্তব্য:

আরও পড়ুন: পিরোজপুরে কলা-সুপারি নেওয়ায় বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানো

জানাজা ও দাফনে বাধার অভিযোগ অস্বীকার করে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, "জামায়াতের পক্ষ থেকে লাশ দাফনে কোনো বাধা দেওয়া হয়নি। তবে মৃত মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদ নিয়ে স্থানীয়দের মাঝে দীর্ঘদিনের বিতর্ক ছিল। স্থানীয় জনগণ এবং সাঈদী অনুসারীদের ক্ষোভ ছিল মূলত তাঁর বিতর্কিত সনদ ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের বিরুদ্ধে। প্রশাসন পরবর্তীতে পুলিশ লাইন্সে গার্ড অব অনার সম্পন্ন করেছে।"

অ্যাক্টিভিস্টদের ভূমিকা ও জনমনে প্রতিক্রিয়া:

আরও পড়ুন: জাইমার জাতিসংঘ নিয়োগ: নিয়োগ সত্য, পোস্টারটি বিভ্রান্তিকর

এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এবং প্রবাসে অবস্থানরত কতিপয় মানবাধিকার অ্যাক্টিভিস্টের সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা চলছে। সাধারণ নেটিজেন ও স্থানীয় বিশ্লেষকদের একটি বড় অংশ প্রশ্ন তুলছেন, মাঠপর্যায়ের প্রকৃত সত্য এবং গ্রাম পুলিশের বক্তব্য যাচাই না করেই কেন তড়িঘড়ি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর দায় চাপানো হলো।

অনেকেই বিগত সরকারের আমলের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, অতীতে যখন জামায়াত নেতাদের জানাজা ও দাফনে রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হয়েছিল, তখন বর্তমানের অনেক সমালোচকই নীরব ছিলেন। এই ধরনের সিলেক্টিভ অবস্থান জনমনে এই সকল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।