দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের ফাইজুল হক গোলাপ। সঞ্চালনা করেন বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল।
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: এবার ডিবির জালে পুরনো হামলাকারী ইমন ও তার সহযোগী
মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
দুই আসামি গ্রেপ্তার, মূল হোতাদের ধরার দাবি
প্রকাশিত সংবাদ অনুযায়ী, সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কারা পরিকল্পনা করেছে এবং অন্য কেউ জড়িত কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা।
বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান পৃথক যৌথ বিবৃতিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা তিন দফা দাবি জানান—হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ অপরাধী এবং মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান; এবং সারা দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বিএমইউজে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন: ওয়ালি হাসান তালুকদারের অভিযোগ ও রিভার্স নিউজের স্পষ্ট অবস্থান স্পষ্ট
যেভাবে নিহত হন আলিফ ফকির
প্রাপ্ত তথ্যমতে, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নেত্রকোণার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি একটি বেসরকারি আইপি টেলিভিশনে কর্মরত ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের ফেসবুক পেজে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
সাংবাদিক সংগঠনগুলোর নেতারা বলেন, এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, মূল পরিকল্পনাকারীদের শনাক্তকরণ এবং জড়িত সবার বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিএমইউজে নেতৃবৃন্দ নিহত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।








