১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির আত্মত্যাগের এক অনন্য মহাকাব্য। এই যুদ্ধে যেমন সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত সেনাসদস্য ও ছাত্র-জনতা, তেমনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন সমাজের এমন কিছু মানুষ যাদের নাম প্রাতিষ্ঠানিক ইতিহাসের পাতায় সচরাচর চোখে পড়ে না। এমনই এক বিস্মৃত ও আলোচিত চরিত্র পুরান ঢাকার মালিটোলার নাদের মিয়া, যিনি একসময় এলাকায় নাদের গুন্ডা নামেই সমধিক পরিচিত ছিলেন।
স্বাধীনতা পূর্ববর্তী সময়ে পুরান ঢাকার অলিগলিতে নাদেরের পরিচিতি ছিল প্রভাবশালী এক দাপুটে ব্যক্তি হিসেবে। তৎকালীন জগন্নাথ কলেজের এই সাবেক শিক্ষার্থী ছাত্ররাজনীতির মধ্য দিয়ে পথচলা শুরু করলেও একপর্যায়ে এলাকার গ্যাং বা পেশিশক্তির বলয়ে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে চিত্রনায়ক ফারুক হিসেবে পরিচিত পাওয়া আকবর হোসেন পাঠান দুলুর সাথেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বাইরের সমাজে নাদেরের পরিচয় যাই থাকুক না কেন, মালিটোলা ও বংশাল এলাকার প্রবীণদের স্মৃতিচারণ অনুযায়ী তিনি এলাকার মুরব্বিদের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল এবং সাধারণ মানুষের বিপদে সব সময় এগিয়ে আসতেন। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনের সময় অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করলে নাদের ও তার সঙ্গীরা স্থানীয় রেশন দোকান ভেঙে সাধারণ মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছিলেন।
আরও পড়ুন: পবিত্র কোরআনে কি ইমাম মাহদীর উল্লেখ আছে? হাদিস, ইতিহাস ও বিশ্বাসের বিতর্ক
১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র ঘুমন্ত ঢাকাবাসীর ওপর অপারেশন সার্চলাইট শুরু করে, তখন অনেকেই দিশেহারা হয়ে পড়েন। কিন্তু নাদেরের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। বংশাল ও নয়াবাজার সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর কনভয় প্রবেশ করতেই নাদের একটি সাধারণ দেশি বন্দুক হাতে তুলে নেন। ভবনের ছাদ টপকে তিনি ঈসা ব্রাদার্সের ছাদে অবস্থান নেন এবং পাকিস্তানি বহরকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়েন। এই অতর্কিত আক্রমণে পাকিস্তানি সেনারা হতচকিত হয়ে পিছু হটতে বাধ্য হয়। যদিও পরবর্তীতে সেনারা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে পুরো বংশাল, নয়াবাজার ও আবুল হাসনাত রোড এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়।
সেই রাতের পর নাদের আত্মগোপনে চলে যান এবং পুরান ঢাকাকেন্দ্রিক প্রাথমিক গেরিলা প্রতিরোধ সংগঠিত করতে শুরু করেন। স্থানীয় সূত্র ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ থেকে জানা যায়, পাকিস্তানি শান্তি কমিটির তৎপরতা বেড়ে গেলে আরমানীটোলায় তাদের একটি বড় জমায়েত বানচালের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে প্রয়োজনীয় অস্ত্রের সংকট থাকায় তা সংগ্রহের চেষ্টা চলাকালে তিনি ফাঁদে পড়েন। আর্মেনীয় চার্চের কাছে অস্ত্র সরবরাহের নামে একটি গোপন চক্রান্ত তৈরি হয় এবং সেখানে অতর্কিতে পাকিস্তানি সেনারা অভিযান চালায়।
ঘটনাস্থল থেকে সঙ্গীদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে নাদের, তার ভাই হারুন এবং বন্ধু সোহরাব পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এই লড়াইয়ে তার সঙ্গীরা শহীদ হন এবং নাদেরের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তিনি বেচারাম দেউড়ির একটি বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হন। পরে হানাদার বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযানে তিনি ধরা পড়েন।
আহত নাদেরকে ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে চরম শারীরিক নির্যাতন চালানো হলেও তিনি তার গোপন নেটওয়ার্ক বা সহযোদ্ধাদের পরিচয় প্রকাশ করেননি। পরবর্তীতে স্থানীয় এক দালালের মাধ্যমে তাকে চূড়ান্তভাবে শনাক্ত করা হয় এবং নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি সেনারা।
আরও পড়ুন: দুর্গাপুরে রাতারাতি লাখপতি ৫ জন, নেপথ্যে কে এই সাত্তার মাস্টার?
স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই দুঃসাহসী যোদ্ধার নাম কোনো আনুষ্ঠানিক মুক্তিযোদ্ধার তালিকায় ওঠেনি, পাননি কোনো রাষ্ট্রীয় খেতাবও। তার পরিবারও থেকে গেছে নিভৃতে। তবুও পুরান ঢাকার প্রবীণদের কাছে মালিটোলার নাদের কোনো সাধারণ অপরাধী নন; ২৫শে মার্চের সেই ভয়াল রাতে নিজের জীবনের তোয়াক্কা না করে হানাদারদের বুক কাঁপিয়ে দেওয়া এক নিঃস্বার্থ দেশপ্রেমিক হিসেবেই তিনি বেঁচে আছেন।








