গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে টহল পুলিশের ওপর অতর্কিত হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বের করা একটি ঝটিকা মিছিলে পুলিশ বাধা দিতে গেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। হামলায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়া ও কনস্টেবল মাহবুবুর রহমান আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর হামলাকারীরা নিজেরাই ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর থানার চার সদস্যের একটি দল ওই এলাকায় নিয়মিত টহল ডিউটি করছিল। দুপুর ৩টার দিকে রঘুনাথপুরের বুড়িমার গাছতলা এলাকায় লাঠিসোঁটা ও হকি স্টিক হাতে অর্ধশতাধিক নেতাকর্মী একটি মিছিল নিয়ে মূল সড়কের দিকে আসে। নিষিদ্ধ যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে মিছিলটি খেয়াঘাট বাজারের দিকে অগ্রসর হওয়ার সময় টহল পুলিশ তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা চারপাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং লাঠিসোঁটা নিয়ে পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করে। একপর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া ও মারধর করা হলে তারা আত্মরক্ষার্থে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।

আরও পড়ুন: কলমাকান্দায় রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যে চুরি-ছিনতাইয়ের প্রতিবাদ: টেঁটাবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, রাষ্ট্রীয় বাহিনীর কাজে সরাসরি বাধা সৃষ্টি ও সরকারি সম্পত্তিতে নাশকতা চালানোর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত বিচার আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক দলের বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে প্রকাশ্য দিবালোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন বর্বরোচিত আক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। বিশিষ্টজনদের ভাষ্যমতে, রাজনৈতিক ব্যানারে এ ধরনের সহিংসতা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা অনতিবিলম্বে ঘটনার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি গোপালগঞ্জের স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত যৌথ টহল বজায় রাখার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে।