তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় নেত্রকোণার দুর্গাপুরে প্রার্থী নির্বাচনে ভয়াবহ অনিয়ম ও স্বজনপ্রীতির চিত্র উঠে এসেছে। বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা (১০ লাখ ঋণ ও ১০ লাখ অনুদান) সহায়তার এই প্রকল্পে উপজেলা থেকে ছয় শতাধিক তরুণ আবেদন করলেও গত ২৬ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকার ১০ জনের বেশিরভাগই স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী নেতা বলে রিভার্স নিউজের অনুসন্ধানে প্রমাণ মিলেছে।

তালিকা প্রকাশের পর রিভার্স নিউজ ডট লাইভের ওয়েবসাইটের নির্ধারিত ‘অভিযোগ বক্স’ ও আলাদা হোয়াটসঅ্যাপ নম্বরে অসংখ্য ভুক্তভোগী তথ্য ও প্রমাণসহ অভিযোগ জানান। এরপর স্থানীয় প্রতিনিধিরা মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত চালান। নিরাপত্তার স্বার্থে তথ্যদাতারা পরিচয় গোপন রাখার অনুরোধ জানালেও অনুসন্ধানের প্রতিটি ধাপে তথ্যের সত্যতা মিলেছে।

আরও পড়ুন: দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা: পলাতক সাবেক চেয়ারম্যান ও স্থানীয়দের গোপন আঁতাতের অভিযোগ

ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা ও নীতিমালা লঙ্ঘন:

সরকারি নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের কাগজপত্র যাচাই ও মৌখিক সাক্ষাৎকার নেওয়ার কথা থাকলেও দুর্গাপুর সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো তদারকি ছাড়াই তালিকা চূড়ান্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। কোন অদৃশ্য শক্তির ছায়ায় কর্মকর্তারা ছয় শতাধিক আবেদনকারীকে পাশ কাটিয়ে এই ১০ জনের নাম চূড়ান্ত করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও নানা অনিয়মের রেকর্ড ও অভিযোগ চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তালিকায় প্রভাবশালী ও ছাত্রলীগ নেতার নাম:

১ম স্থান (ফরহাদ ফারসি ফাহিম): তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতির সন্তান।

২য় স্থান (তৌশিক আহমেদ): তিনি উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক দুলাল পোদ্দারের ছেলে এবং বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল মুন্সির মেয়ের জামাই। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দুলাল পোদ্দার একজন প্রতিষ্ঠিত জুয়েলারি ব্যবসায়ী ও চিহ্নিত ভূমিদস্যু হিসেবে পরিচিত।

৩য় ও ৬ষ্ঠ স্থান (সুমাইয়া সাদী তূর্থা ও মোঃ সাদিকুল ইসলাম বাচ্চু): সুমাইয়া সাদী তূর্থা দুর্গাপুর পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান সম্রাট গনির ছোট ভাই সোয়াদ গনির স্ত্রী। অন্যদিকে, ৬ষ্ঠ স্থানে থাকা মোঃ সাদিকুল ইসলাম বাচ্চু যুবদল নেতা সম্রাট গনির ‘ডান হাত’ হিসেবে পরিচিত এবং বাচ্চুর ভাই বর্তমানে অগ্রণী ব্যাংকের কর্মরত কর্মকর্তা।

৭ম স্থান (মোঃ মেহেদী হাসান): মেহেদী হাসান ওরফে সাহস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টারের ভাইয়ের ছেলে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি ইতিপূর্বে মেহেদী ও তাঁর বাবা মঞ্জুরুল হক মঞ্জুকে দল থেকে বহিষ্কার করেছে। স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মেহেদীর বিরুদ্ধে চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার একাধিক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে জামিনে আছেন। চূড়ান্ত তালিকায় তাঁর পরিচিত নাম ‘সাহস’ বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুসং দুর্গাপুরে সারের কৃত্রিম সংকট: সাইনবোর্ডে সরকারি দাম, বাস্তবে গলাকাটা বাণিজ্য ও প্রণোদনার বীজ-সার উধাও

৮ম স্থান (মোঃ এমদাদুল হাসান): রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের (তিতুমীর কলেজ শাখা সংশ্লিষ্ট) সহ-সভাপতি মোঃ এমদাদুল হাসান তালিকায় স্থান পেয়েছেন। তাঁর বাবা অধ্যাপক লিয়াকত আলী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। স্থানীয় বিএনপি নেতাদের সুপারিশেই তিনি তালিকাভুক্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১০ম স্থান (তামীম বিনতে হোসাইন): তিনি দুর্গাপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকনের (খোকন লেকচারার) ভাতিজি।

এছাড়া ৪র্থ, ৫ম ও ৯ম স্থানে থাকা যথাক্রমে রুমা আক্তার, মৌসুমী রুরাম ও রিয়াদ হুসাইনের সঙ্গে কোনো প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে কি না, তা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করছে রিভার্স নিউজ। সঠিক তথ্য মিললে পরবর্তী প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

স্থানীয়দের ক্ষোভ, আতঙ্ক ও প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগ:

বিতর্কিত ব্যক্তিদের হাতে সরকারি টাকা যাওয়া নিয়ে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওনারে যদি টাকা দেয়, ওরাই তো টাকা পাইব—আমরা কি পামু? ওরা টাকা পাইয়া আবার নেশাদ্রব্য ও চোরাচালানি ব্যবসা করব। এদের টাকার অভাব নাই, তারপরেও সরকারের কাছ থেকে যা পায় তাই খায়।”

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি: জামাল উদ্দিন মাস্টারের আশ্রয়ে নিষিদ্ধ সংগঠনের নেতার গোপন তৎপরতার অভিযোগ

পারিবারিক আধিপত্যের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। স্থানীয় এক প্রবীণ ব্যক্তি আঞ্চলিক ভাষায় আক্ষেপ করে বলেন, “আমরা কি করমু? মুখ খুলি তাইলে মাইরা লাইবো। হেরা হেরাই—এই গোষ্ঠী ছাড়া বিএনপি চলত না।” তৃণমূল নেতাকর্মীরাও জানান, গুটিকয়েক নেতার এমন স্বেচ্ছাচারিতায় সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে এবং দলের ভেতরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ না করার কারণ জানিয়ে এক ভুক্তভোগী বলেন, “প্রেসক্লাবে যারে বিচার দিমু, হেই তো এই কাজ করছে। তাঁর নিজের আত্মীয়ও তো এই তালিকায় আছে।” মাঠ পর্যায়ে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন নাগরিক ও ভুক্তভোগী অভিযোগ করেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন (খোকন লেকচারার) বিএনপি নেতা আলহাজ জামাল উদ্দিন মাস্টারের পক্ষ নিয়ে নিজস্ব ‘মিডিয়া সেল’-এর মতো কাজ করছেন। ফলে চাপে পড়ে দুর্গাপুরের অন্যান্য সাংবাদিকরাও এ বিষয়ে সংবাদ প্রকাশ করতে পারছেন না।

তদন্তের দাবি:

এ বিষয়ে অভিযুক্ত নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা বিষয়টি এড়িয়ে যান। সচেতন মহল ও বঞ্চিত উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশ ব্যাংক যেন অবিলম্বে দুর্গাপুরের এই বিতর্কিত তালিকা স্থগিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ১০ জনের ব্যবসায়িক প্রস্তাব ও মূল্যায়ন নথি জনসম্মুখে প্রকাশ করে।