কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানিতে একটি বসতবাড়িতে নলকূপ স্থাপন করতে গিয়ে আকস্মিক ও ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়া আগুন টানা ২৬ ঘণ্টারও বেশি সময় ধরে অবিরাম জ্বলছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তেমনি ভূগর্ভে বড় কোনো প্রাকৃতিক গ্যাস বা জ্বালানির খনি রয়েছে কি না—তা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানি এলাকার বাসিন্দা মোস্তফা শিকদারের বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। প্রায় ১০০০ ফুট গভীর খনন করার পরও কোনো পানির সন্ধান না পাওয়ায় শ্রমিকরা সাময়িকভাবে কাজ বন্ধ রাখেন। এর কিছুক্ষণ পরই হঠাৎ তীব্র গন্ধযুক্ত গ্যাস প্রচণ্ড শব্দে ও উচ্চচাপে পাইপের ভেতর দিয়ে বের হতে শুরু করে। বাতাসে ছড়িয়ে পড়া এই গ্যাসটি পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনী:

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালান। তবে মাটির নিচ থেকে নির্গত গ্যাসের চাপ এবং আগুনের তীব্রতা এতই বেশি যে, দীর্ঘ সময় পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বড় ধরনের বড় বিপর্যয় বা বিস্ফোরণের ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটি ঘিরে একটি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। এছাড়া, আগুনের শিখার কাছাকাছি থাকা ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ সরবরাহ লাইনের ক্ষতি এড়াতে মনখালি থেকে পাটোয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তৈরি পোশাক খাতে অস্থিরতা: নেপথ্যে কারা? মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর বিস্ফোরক বক্তব্য

বাপেক্সের প্রাথমিক পর্যবেক্ষণ: হায়ার হাইড্রোকার্বনের উপস্থিতি:

পরিস্থিতি পর্যবেক্ষণ ও কারিগরি সহায়তার জন্য সরকারের বিশেষজ্ঞ সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে জানানো হলে ঢাকা থেকে দুই সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল দ্রুত কক্সবাজারে পৌঁছায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বাপেক্সের প্রতিনিধি জানান, মাটির নিচে ১০০০ ফুট বোরিং করার ফলে আটকে থাকা গ্যাসটি উপরে আসার একটি সহজ পথ (প্যাসেজ) পেয়ে যায়। ফলে ভূগর্ভস্থ প্রচণ্ড চাপের কারণে গ্যাসটি তীব্র বেগে উপরে উঠে আসে। আগুনের বর্ণ এবং ধোঁয়ার ধরন দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এখানে সাধারণ মিথেন গ্যাসের পাশাপাশি 'হায়ার হাইড্রোকার্বন' (Higher Hydrocarbon)-এর উপস্থিতি রয়েছে, যা আগুনের দহন ক্ষমতা ও তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে এটি কোনো স্থায়ী বড় খনি নাকি সাময়িক 'পকেট গ্যাস', তা নিশ্চিত হতে নির্গত গ্যাসের রাসায়নিক পরীক্ষা (Sampling & Lab Test) প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

ভবিষ্যৎ সম্ভাবনা ও জাতীয় নীতিমালার প্রয়োজনীয়তা:

আরও পড়ুন: প্রেমের টানে ওসমানীনগরে চীনা নাগরিক: তরুণীর কলোনিতে অবস্থান ঘিরে রহস্য ও কৌতূহল

ইনানির এই ঘটনাটি বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি বড় চোখ খোলার মতো বার্তা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধু কক্সবাজারেই নয়, সারা বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার গভীর নলকূপ খনন করা হচ্ছে। যদি সরকারি উদ্যোগে প্রতিটি উপজেলায় নলকূপ খননের অনুমোদন ও তদারকির জন্য একটি সুনির্দিষ্ট ‘প্রযুক্তিগত বিশেষজ্ঞ কমিটি’ থাকতো, তবে এ ধরনের আকস্মিক দুর্ঘটনা যেমন এড়ানো যেত, তেমনি মাটির নিচে লুকিয়ে থাকা নতুন গ্যাস বা তেল খনির সন্ধান পাওয়া অত্যন্ত সহজ হতো।

খননকাজের শুরুতেই যদি মাটির স্তর পরীক্ষা ও ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতি যাচাই করার বাধ্যবাধকতা থাকতো, তবে কোনো পকেট গ্যাস বা বড় খনির সন্ধান পাওয়া মাত্রই রাষ্ট্র দ্রুত ব্যবস্থা নিতে পারতো। এতে একদিকে যেমন জানমালের নিরাপত্তা নিশ্চিত হতো, অন্যদিকে দেশীয় জ্বালানি সম্পদ আহরণের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারতো বাংলাদেশ। ইনানির এই অগ্নিকাণ্ড তাই কেবল একটি দুর্ঘটনাই নয়, বরং জাতীয় পর্যায়ে খনন তদারকি কমিটি গঠনের এক সময়োপযোগী দাবি তুলে ধরেছে।