ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব তীব্র গতিতে উপকূলের দিকে ধাবিত হলেও এটি সরাসরি বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বিভিন্ন আন্তর্জাতিক পূর্বাভাসে স্পষ্ট করা হয়েছে যে, এই ঝড়ের মূল কেন্দ্রবিন্দু ভারতের পূর্ব উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে।
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফল
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি ও আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। বুধবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। উপকূলে আছড়ে পড়ার পর এটি স্থলভাগের ভেতরের দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে।
বাতাসের রেকর্ড গতিবেগ ও তীব্রতা
আবহাওয়া অফিসের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, সমুদ্রের গভীর অংশে অবস্থানকালে ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত ও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এর কেন্দ্রের কাছাকাছি এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো বাতাশ আকারে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগর এখন চরম উত্তাল রয়েছে।
বাংলাদেশ পরিস্থিতি ও জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস
আরও পড়ুন: ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না সাঈদ খোকনের: পলাতক নেতাদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি
ঘূর্ণিঝড়টির মূল আঘাত ভারতের অন্ধ্র উপকূলের দিকে হওয়ায় বাংলাদেশে সরাসরি বড় ধরনের কোনো ধ্বংসাত্মক প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে এর দূরবর্তী পরোক্ষ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ প্রভাব পড়তে পারে। আগামী দুদিন দেশের বিভিন্ন উপকূলীয় জেলাসমূহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়টি ভারতের উপকূল অতিক্রম করে স্থলভাগে দুর্বল হয়ে পড়ার পর এর প্রভাবে ঢাকা ও রাজশাহী বিভাগেও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ও বিশেষ নির্দেশনা
উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে। দেশের আবহাওয়া দপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ দূরত্বে থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।








