চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
স্টাফ রিপোর্টার : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবন ও উচ্চ শব্দে গান-বাজনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো. মোস্তফা (৬৫) ও শাহআলম (৫০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে শাহআলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, এক যুবক আটক
গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোস্তফা বাদী হয়ে স্থানীয় কাইয়ুম (২২), নাঈম (২৪) ও মো. আলীসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নোয়াগ্রাম সওদাগর বাড়ির একটি পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মাদক সেবন, ক্যারম খেলা ও উচ্চ শব্দে গান-বাজনার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে আশপাশের বাড়ির লোকজনকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ত্রিশালে বাসের ধাক্কায় নিহত দুই, আহত দশ
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন রাতে কাইয়ুম ও তাঁর সহযোগীরা সেখানে মাদক সেবন ও উচ্চ শব্দে গান-বাজনা করছিলেন। এ সময় মোস্তফা ও বাড়ির অন্যরা তাঁদের বাধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফা ও তাঁর ভাই শাহআলমের ওপর হামলা চালান। এতে দুজনই মাথায় আঘাতসহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে শাহআলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত কাইয়ুম বলেন, তাঁরা চাচাতো ভাইদের সঙ্গে নিজেদের বাড়িতে ক্যারম খেলছিলেন। তাঁদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সদস্য হওয়ার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি। কাইয়ুমের দাবি, প্রতিপক্ষের লোকজনই প্রথমে তাঁদের ওপর লোহার রড নিয়ে হামলা করেন। এতে তাঁর বাবাও আহত হয়েছেন। এ ঘটনায় তাঁরাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, “ভুক্তভোগী কর্তৃক থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”








