দুর্গাপুরে খাল খননের বকেয়া মজুরির দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও শ্রমিকদের
রিভার্স নিউজ দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি · নেত্রকোণা · ৪ আগস্ট ২০২৬ · ৪ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৪:০০

বকেয়া মজুরির দাবিতে ফুঁসে উঠেছেন নেত্রকোনার দুর্গাপুরের খাল খনন প্রকল্পের শ্রমিকেরা। মঙ্গলবার দুপুরে উপজেলা মোড় এলাকায় শত শত শ্রমিক মানববন্ধনে দাঁড়ান, এরপর মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেন। এ সময় পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় গত ২০ এপ্রিল উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়। এরপরই কুল্লাগড়া ইউনিয়নে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে শুরু হয় আরও ৪ কিলোমিটার খাল খনন। দুটি প্রকল্পে মোট ৫৭২ জন শ্রমিক নিযুক্ত করা হয়েছিল।
মানববন্ধনে অংশ নেওয়া নারী শ্রমিক নার্গিস আক্তার বলেন, ‘আমরা ৪০ দিন ধরে মাটি কাটছি। পানি-পেক মাথাত কইরা নিছি, উড়ি দিয়া নিছি, কষ্ট করছি, বাড়িত বাচ্চা থুইয়া কাজ করছি। কিন্তু অহন আমরা বেতন পাইতাছি না, বেতনের কোনো খবর নাই। আজকে দুর্গাপুর আইছি।’
শমলা খাতুন নামের আরেক শ্রমিক বলেন, ‘আমরা যদি বৈশাখ মাসে ধানের কাজ করতাম তাও তো কয়টা টাকা পাইতাম। কিন্তু ধান করছি না, ৪০ দিন মাটি করছি, এহন আমরারে টাকা দেয় না। এহন আমরা কত অসুখ-বিসুখ হইতো, না খাইয়া মরতাছি।’ দেলোয়ার হাসান নামের এক শ্রমিকের ভাষ্য, ‘আমরা শ্রমিক, আমরা কাজ করছি। আমাদের কাজের মূল্য চাই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত জানান, খাল খননের কাজ সম্পন্ন না হওয়ায় দুটি প্রকল্পের ৭৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। শ্রমিকদের ব্যাংক হিসাব খুলে নিতে বলা হয়েছে; হিসাব খোলা হলেই তাঁরা প্রাপ্য টাকা পেয়ে যাবেন বলে তিনি নিশ্চিত করেন।
