রিভার্স নিউজ — জনগণের চোখ, জনগণের কণ্ঠস্বর
আবহাওয়া…

৯ আগস্ট চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন উপজেলায় ব্যাপক প্রস্তুতি

রিভার্স নিউজ ডেস্ক রিপোর্ট · চট্টগ্রাম · ৩১ জুলাই ২০২৬ · ৩১ জুলাই ২০২৬, সকাল ১১:১৫:০০

৯ আগস্ট চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন উপজেলায় ব্যাপক প্রস্তুতি

আগামী ৯ আগস্ট চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী তিনি হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তিন উপজেলায় ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সফর সফল করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, অবকাঠামো সংস্কার এবং চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন। তাঁর ভাষণে জেলার মানুষের জন্য কী বার্তা বা বিশেষ উপহারের ঘোষণা আসতে পারে, তা নিয়েও চলছে আলোচনা।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে ফটিকছড়ির পেলাগাজী দিঘীর মাঠে অবতরণ করবেন। সেখান থেকে তিনি ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন।

সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তাঁর দোয়া নেবেন। সাক্ষাৎ শেষে বিকেল ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর হাটহাজারীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। সফর ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।